গাজা নগরী দখলের লক্ষ্যে বুধবার থেকে প্রাথমিক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইতোমধ্যেই নগরীর উপকণ্ঠে অবস্থান শক্ত করার দাবি করেছে আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাট্জ এ অভিযান অনুমোদন করেছেন। নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদনের পর পূর্ণাঙ্গ পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে, যাতে মূল বাহিনীকে গাজায় নামানো সম্ভব হয়।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, প্রায় দুই বছরের যুদ্ধে হামাস ব্যাপক ক্ষতির মুখে। গাজা নগরীকে হামাসের প্রধান ঘাঁটি হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, ভূ-উপরি ও ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। এরই মধ্যে জেইতুন ও জাবালিয়া এলাকায় সেনা মোতায়েন এবং একটি সুড়ঙ্গ ও অস্ত্রভাণ্ডার উদ্ধারের খবর দিয়েছে আইডিএফ।
অভিযান শুরুর আগে বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরিয়ে নিতে সতর্ক করা হয়েছে। তবে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানিয়েছে, জেইতুন ও সাবরায় পরিস্থিতি ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার একদিনেই অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুসহ একটি পরিবারও রয়েছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ দুই জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের ঝুঁকিতে ফেলতে পারে। আন্তর্জাতিক রেড ক্রসও আশঙ্কা প্রকাশ করে বলেছে, সংঘাত বাড়লে ২১ লাখ গাজাবাসীর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। সংস্থাটি দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
এদিকে মধ্যস্থতাকারী কাতার ও মিশর নতুন এক ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যেখানে অর্ধেক জিম্মি মুক্তির শর্ত রাখা হয়েছে। হামাস এতে সম্মত হলেও ইসরায়েল এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: বিবিসি।