নাইজারে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন এবং গৃহহীন হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। বুধবার দেশটির সিভিল প্রোটেকশন অধিদপ্তর এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, বন্যায় ৩৩৯টি গ্রাম ও মহল্লার সাত হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে চাপা পড়ে এবং ১৭ জন পানিতে ডুবে মারা যান। এ ছাড়া অন্তত ৭০ জন আহত এবং শত শত গবাদিপশু মারা গেছে।
ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ শুরু করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি। এই কাজে সরকার প্রায় ১২ বিলিয়ন সিএফএ ফ্রাঁ, যা প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, বরাদ্দ করেছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা এখন অন্যতম ধ্বংসাত্মক রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার বহু দেশে এর প্রভাব ক্রমেই ভয়াবহ হচ্ছে। কেবল ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে প্রায় দেড় মিলিয়ন মানুষ বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: আনাদোলু।