মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অকারণে জুমার নামাজে অনুপস্থিত হলে মুসলিম পুরুষদের কারাদণ্ড বা জরিমানা করা হবে। নতুন বিধান অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, তিন হাজার রিঙ্গিত জরিমানা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ হাজার টাকা) কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।
রাজ্যের ক্ষমতাসীন প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস) এই সিদ্ধান্ত কার্যকর করছে। রাজ্য নির্বাহী কাউন্সিলের সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি সতর্ক করে বলেন, এমনকি একবার জুমার নামাজ মিস করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। এর আগে শাস্তির বিধান কার্যকর হতো কেবল টানা তিন সপ্তাহ অনুপস্থিত থাকলে।
তিনি বলেন, জুমার নামাজ কেবল ধর্মীয় প্রতীক নয়, বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ। তাই শাস্তি দেওয়া হবে শেষ অবলম্বন হিসেবে, যখন কেউ বারবার এই বিষয়কে উপেক্ষা করবে। অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মসজিদে ব্যানার টানানো হবে এবং জনগণের অভিযোগ বা টহল দলের মাধ্যমে বিষয়টি তদারকি করা হবে।
এই উদ্যোগকে শরিয়াহ আইনের কঠোর প্রয়োগে পাস দলের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। দলটি বর্তমানে মালয়েশিয়ার পার্লামেন্টে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এবং চারটি রাজ্যে শাসন করছে। অতীতে তারা হুদুদ আইন চালুর চেষ্টাও করেছিল, যেখানে চুরির শাস্তি ছিল অঙ্গচ্ছেদ এবং ব্যভিচারের শাস্তি ছিল পাথর নিক্ষেপ।
মালয়েশিয়ায় দ্বৈত আইনি কাঠামো চালু রয়েছে—মুসলিমদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন কার্যকর, পাশাপাশি সিভিল আইনও বিদ্যমান। প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষের দেশটিতে দুই-তৃতীয়াংশ জাতিগত মালয়, যাদের সবাই মুসলিম। বাকি অংশে চীনা ও ভারতীয় সংখ্যালঘু রয়েছে।
এর আগে গত নভেম্বরে জোহর রাজ্যেও মুসলিম পুরুষদের জুমার নামাজে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছিল। আর গত বছর ফেব্রুয়ারিতে দেশটির সর্বোচ্চ আদালত একাধিক শরিয়াহভিত্তিক রাজ্য আইন বাতিল করলে ইসলামপন্থি মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের আশঙ্কা, এতে শরিয়াহ আদালতের কর্তৃত্ব দুর্বল হতে পারে।
সূত্র: মালয় মেইল, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, সাউথ চায়না মর্নিং পোস্ট।