স্পেনে টানা তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলছে। দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, গত ৩ থেকে ১৮ আগস্ট পর্যন্ত অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক হাজার ১৪৯ জনের। প্রতিষ্ঠানটির ধারণা, প্রচণ্ড গরমই এসব মৃত্যুর প্রধান কারণ হতে পারে।
ইনস্টিটিউটটি তাদের জাতীয় মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছে। এতে ঐতিহাসিক মৃত্যুহারের সঙ্গে তুলনা করে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা হয়। পাশাপাশি, জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি’র তথ্য ও অন্যান্য কারণও বিবেচনায় নেওয়া হয়েছে।
জুলাই মাসেও দেশটিতে তাপপ্রবাহজনিত মৃত্যু ছিল এক হাজার ৬০ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা ইউরোপজুড়ে ঘন ঘন তাপপ্রবাহ সৃষ্টি করছে, যার প্রভাব সরাসরি মানুষের স্বাস্থ্যে পড়ছে।
তাপপ্রবাহ মোকাবিলায় ইউরোপের দেশগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিলেও, মৃত্যু সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, গালফ নিউজ, ডেইলি মেইল