অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং নিজ দেশের ইহুদি সম্প্রদায়ের স্বার্থ উপেক্ষা করেছেন।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর দেশটি এই সিদ্ধান্তে যোগ দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। উত্তেজনা আরও বাড়ে যখন অস্ট্রেলিয়া ইসরায়েলি ডানপন্থি নেতা সিমচা রথম্যানের ভিসা বাতিল করে। সরকার জানায়, ঘৃণা কিংবা বিভেদ সৃষ্টিকারীদের জন্য অস্ট্রেলিয়ার দ্বার খোলা নয়।
পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিনিধিদের অস্ট্রেলীয় ভিসা বাতিল করে এবং জানায়, ভবিষ্যতে সরকারি ভিসা আবেদন কঠোরভাবে যাচাই করা হবে। নেতানিয়াহুর দাবি, এই নীতির কারণে ইতিহাসে আলবানিজকে দুর্বল নেতৃত্বের উদাহরণ হিসেবে মনে রাখা হবে।
অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনি বার্ক বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াতেই নেতানিয়াহুর ক্ষোভ। তার মতে, আসল শক্তি হচ্ছে না মানুষকে হত্যা করা কিংবা খাদ্য-সংকটে ফেলে দেওয়া। গাজায় চলমান মানবিক বিপর্যয়কে “অগ্রহণযোগ্য” বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।
এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর নীতি ও মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তার মতে, পশ্চিমা বিশ্বে নেতানিয়াহুই সবচেয়ে “বিষাক্ত রাজনীতিক”।
জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, চলমান যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।