ভারতের রাজধানী দিল্লির ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ জন দর্শনার্থী। শুক্রবার বিকেলের দিকে নিজামউদ্দিন এলাকায় সমাধি প্রাঙ্গণের একটি পুরনো স্থাপনা হঠাৎ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিকেল সাড়ে চারটার দিকে গম্বুজসংলগ্ন একটি কাঠামো ভেঙে পড়লে প্রায় ১৫ থেকে ২০ জন ভেতরে আটকা পড়েন। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করা হলেও আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় ছুটির দিনে পর্যটকের ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে। দমকল বাহিনীর অন্তত পাঁচটি ইউনিট দ্রুত উদ্ধারকাজে নেমেছে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি ১৫৩০ সালে বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন। শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে নির্বাসনে যেতে হলেও পরবর্তীতে তিনি পুনরায় ক্ষমতা ফিরে পান। ১৫৫৬ সালে মৃত্যুর পর তার প্রথম স্ত্রী বেগা বেগম ১৫৬৫ সালে এই সমাধি নির্মাণের উদ্যোগ নেন।
ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে খ্যাত এই স্থাপনা মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এখানে রাজবংশের দেড় শতাধিক সদস্যের কবর রয়েছে, যার কারণে স্থানটি ‘মুঘল রাজবংশের নেক্রোপলিস’ নামে পরিচিত। ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৯৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়।