জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। বৃহস্পতিবার মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, জেরুজালেমসহ পশ্চিম তীরে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অবৈধ বসতি স্থাপন দখলদারিত্বকে আরও জোরদার করবে এবং উত্তেজনা বাড়াবে। এছাড়া, এতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষুন্ন হবে।
ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সম্প্রতি জেরুজালেমের পূর্বে মা’আলে আদুমিমে ৩,৪০১টি বসতি ইউনিট এবং আশেপাশে আরও ১,৫১৫টি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য পশ্চিম তীরকে দুটি ভাগে বিভক্ত করা, উত্তর ও দক্ষিণ শহরের সংযোগ বিচ্ছিন্ন করা এবং পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে নিন্দনীয় বলেছে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। একই সঙ্গে সৌদি আরবও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার লঙ্ঘন করছে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বাধা সৃষ্টি করছে।
জাতিসংঘ মহাসচিব অবিলম্বে ইসরায়েলকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।