গাজায় অব্যাহত ইসরাইলি হামলা ও মানবিক সহায়তায় বাধার কারণে সৃষ্ট ‘অকল্পনীয় দুর্ভোগ’ এবং দুর্ভিক্ষ পরিস্থিতির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ইইউর শীর্ষ কূটনীতিক ও ২৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ বিবৃতিতে দুর্ভিক্ষ রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে, যা বিশ্বের চোখের সামনেই ঘটছে। ক্ষুধা ও অপুষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। দেশগুলো গাজায় সাহায্য পৌঁছাতে ‘তাৎক্ষণিক, স্থায়ী ও নির্দিষ্ট’ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
ইইউভুক্ত ১৭টি দেশ এই বিবৃতিতে সই করেছে, যার মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন ও আয়ারল্যান্ড রয়েছে। এতে ইসরাইলের তীব্র সমালোচনা করে ত্রাণ বিতরণের স্থান ও বহরে প্রাণঘাতী হামলা বন্ধের আহ্বান জানানো হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব হামলায় এ পর্যন্ত এক হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ইসরাইলের অবরোধ ও হামলা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও ইসরাইলকে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার জন্য সমালোচনা করে আসছে। তবে ইসরাইল দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করে জাতিসংঘকে সহায়তা বিতরণে বিলম্বের জন্য দায়ী করেছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আলাদাভাবে ইসরাইলকে অনুরোধ জানিয়েছে গাজার ভয়াবহ স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম মজুদ করার অনুমতি দিতে।
গত মঙ্গলবার একদিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন মারা যান ত্রাণ সংগ্রহের সময়, আর অনাহারে প্রাণ হারিয়েছেন ছয় বছরের এক শিশুসহ দুইজন।