সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস, সীমান্ত লঙ্ঘন এবং শ্রম আইনের উল্লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের অধিক প্রবাসীকে আটক করেছে। ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযান শেষে এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।
গ্রেপ্তারদের মধ্যে বসবাস সংক্রান্ত নিয়ম ভঙ্গ করে ১৩ হাজার ৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করেছে ৪ হাজার ৬২৪ জন এবং শ্রম আইন ভঙ্গ করেছে ৩ হাজার ৬১৫ জন। এর পাশাপাশি অবৈধ প্রবেশের সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেনি, ৬৪ শতাংশ ইথিওপিয়ান ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
নিরাপত্তা বাহিনী ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করেছে। এছাড়া পরিবহন, আশ্রয় বা নিয়োগে সহায়তা দেওয়ার দায়ে আরও ৩৭ জনকে আটক করা হয়েছে।
বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী কারাগারে রয়েছে, যার মধ্যে ২০ হাজার ৬০১ পুরুষ ও ৩ হাজার ২৯ জন নারী। মন্ত্রণালয় জানায়, ১৬ হাজার ১৬২ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।
সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধ প্রবেশ, পরিবহন বা আশ্রয় প্রদানে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ধার্য রয়েছে। অপরাধে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং জনসাধারণের নিরাপত্তার জন্য কঠোর শাস্তি রয়েছে।