মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এক কিলোগ্রাম বা ১০০ আউন্স (২.৮ কেজি) ওজনের স্বর্ণের বার ‘পারস্পরিক শুল্ক’ এর আওতায় পড়বে। যদিও মার্কিন ফিউচার বাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে, ৩১ জুলাইয়ের স্পষ্টীকরণে এই শুল্ক কার্যকর হওয়ার কথা জানা যায়। সুইজারল্যান্ড থেকে সরাসরি আমদানি হওয়া স্বর্ণের বারগুলো এবার ৩৯ শতাংশ শুল্কের মুখোমুখি হবে।
বিশ্বের বৃহত্তম স্বর্ণ বুলিয়ন সরবরাহকারী সুইজারল্যান্ড প্রত্যাশা করেছিল, তাদের স্বর্ণের বারগুলো একটি ভিন্ন শুল্ক কোডের অধীনে শুল্কমুক্ত থাকবে। তবে সুইস কর্মকর্তারা ওয়াশিংটনে ইউরোপীয় ইউনিয়নের মতো কোনও চুক্তি করতে ব্যর্থ হওয়ায় এখন তাদের রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্কসহ নতুন শুল্ক আরোপ করা হচ্ছে, যা সুইস সরকারের ওপর চাপ বৃদ্ধি করেছে।
বিশ্লেষকরা বলছেন, সুইস রিফাইনারিগুলোর ভালো সুনাম থাকা সত্ত্বেও ৩৯ শতাংশ শুল্কের ধাক্কা সামলাতে সমস্যার মুখে পড়তে পারে দেশটির স্বর্ণ পরিশোধন শিল্প। এর ফলে কিছু ব্যবসা বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের মতো অন্যান্য কেন্দ্রগুলোতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমদানির সময় ১৫ শতাংশ শুল্ক আরোপিত হয়।
সুইজারল্যান্ডে বিশ্বের চারটি বৃহত্তম স্বর্ণ শোধনাগার রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি দেশটির ইতালীয় ভাষাভাষী বালার্না অঞ্চলের ভালকাম্বি। এই শোধনাগারগুলো অপরিশোধিত স্বর্ণ থেকে উচ্চমানের বার তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী স্বর্ণ বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে সুইজারল্যান্ডকে প্রতিষ্ঠিত করেছে।
সুইস ফেডারেল কাস্টমস রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে দেশটি ২৩৭২ টন স্বর্ণ আমদানি করে এবং ১৫৬৪ টন পুনঃরপ্তানি করেছে। এর মূল্য প্রায় ৮৮ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (প্রায় ১০৯ বিলিয়ন ডলার)। প্রধান ক্রেতা হিসেবে রয়েছে চীন (২৫.১ বিলিয়ন ফ্রাঙ্ক) ও ভারত (১৩.১ বিলিয়ন ফ্রাঙ্ক)।
এই খাতে দেশে প্রায় ১৫০০ প্রত্যক্ষ ও ১০০০ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া, ২০২৩ সালে বিশ্বব্যাপী মোট পরিশোধিত স্বর্ণের ৩৪ শতাংশেরও বেশি সুইজারল্যান্ডে উৎপাদিত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে সুইস স্বর্ণ রপ্তানি গত বছর প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১১ বিলিয়ন সুইস ফ্রাঙ্কে পৌঁছায়। তবে ২০২৫ সালের প্রথমার্ধে তা আকাশছোঁয়া হয়ে ৩৯.২ বিলিয়ন ফ্রাঙ্কে পৌঁছলেও দ্বিতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য কমে ১.৬ বিলিয়ন ফ্রাঙ্কে নেমে আসে।
সুইস প্রেসিডেন্ট কারিন কেলার মার্কিন বাণিজ্য ঘাটতি এবং উচ্চ শুল্ক আরোপ নিয়ে তীব্র মতবিরোধের কথা জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালে স্বর্ণ রপ্তানি বৃদ্ধির কারণে ঘাটতি বেড়েছে।
সুইস সংবাদপত্র লে টেম্পস জানিয়েছে, মার্কিন হোয়াইট হাউস সম্ভবত ২০২৪ সালের ‘অস্বাভাবিক’ তথ্যের উপর ভিত্তি করে শুল্ক নির্ধারণ করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয় এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধির কারণে হয়েছিল।
সূত্র: এএফপি।