তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রার গভীর অনুসন্ধানমূলক গ্যাসকূপ খননে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি (সিএনপিসি চংচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড)-র সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। দেশের ইতিহাসে এ ধরনের গভীর কূপ খনন এই প্রথম, যা ভূগর্ভের গভীর স্তর থেকে গ্যাস উত্তোলনে নতুন দিগন্ত খুলবে।
বৃহস্পতিবার রাজধানীর পেট্রোবাংলা সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে বিজিএফসিএলের পক্ষে সই করেন কোম্পানির সচিব মো. মোজাহার আলী এবং সিসিডিসির পক্ষে সিইও লি জিয়াওমিং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। পেট্রোবাংলা, বিজিএফসিএল, বাপেক্স ও সিসিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, তিতাস-৩১ ডিপ (৫,৬০০ মিটার) ও বাখরাবাদ-১১ ডিপ (৪,৩০০ মিটার) কূপ খননে ব্যয় হবে ৪৯ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা)। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
খনন সম্পন্ন হলে তিতাস-৩১ ডিপ কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ-১১ ডিপ কূপ থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণসহ অন্যান্য সহায়ক কাজও সম্পন্ন হবে।
পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি ঋণ ৫৫৮ কোটি ৬০ লাখ এবং বিজিএফসিএলের নিজস্ব অর্থায়ন ২৩৯ কোটি ৪০ লাখ টাকা।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ১৫ হাজার পিএসআই চাপ ও ৩৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার এই কূপ খনন বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা হবে এবং গ্যাস অনুসন্ধানে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।