ফ্রান্স বর্তমানে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাবানলের সঙ্গে লড়াই করছে, যা প্যারিস শহরের আয়তনের চেয়েও বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত। দক্ষিণাঞ্চলের অড অঞ্চল থেকে মঙ্গলবার দাবানলের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার একর বনভূমি পুড়ে গেছে।
দমকলকর্মী, সেনাবাহিনী ও পুলিশ মিলিয়ে দুই হাজারের বেশি সদস্য এবং ৫০০ এরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন আগুন নেভাতে কাজ করে চলেছে। অড প্রশাসনের সেক্রেটারি জেনারেল লুসি রোয়েশ জানিয়েছেন, যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভানো এখনও বাকি।
এই দাবানলে কমপক্ষে একজন নারী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই দমকলকর্মী। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসির রিপোর্টে বলা হয়েছে, আগুন নেভাতে বিশেষ বিমান থেকে পানি ছিটানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কারণ সেখানে এখনো বিদ্যুতের তার ঝড়ার সম্ভাবনা রয়েছে।
দাবানল থেকে সুরক্ষার জন্য ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং বেশ কিছু গ্রামবাসীকে বাড়ি ফেরা থেকে বিরত রাখা হয়েছে। কর্বিয়ের আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু এই দাবানলকে ‘অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরাকে এই দুর্যোগের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পরিবেশমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ে-রুনাচাওও দাবানলকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে এই দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র : বিবিসি।