ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে স্থানীয় আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সীমান্তবর্তী এই রাজ্যে মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
মুখ্যমন্ত্রী শর্মা জানান, সংবেদনশীল এলাকায় বসবাসকারী আদিবাসীরা যদি নিজেদের নিরাপত্তাহীন মনে করেন, তবে তারা একটি নতুন চালু করা ওয়েবসাইটের মাধ্যমে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
ভারতের কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মধ্যে এই ঘোষণা নজর কেড়েছে। আসামে অতীতেও জাতিগত ও ধর্মীয় বিভক্তিকে ঘিরে সহিংসতা দেখা গেছে। ৩ কোটির বেশি জনসংখ্যার এই রাজ্যে মুসলিমদের সংখ্যা প্রায় ৩৫ শতাংশ, যাদের অনেকে বাংলাভাষী।
এর আগে মুখ্যমন্ত্রী দাবি করেন, অসমীয়াভাষী জনগণ বাংলাদেশের দিক থেকে এবং এমনকি নিজেদের গ্রাম থেকেও হুমকির মুখে রয়েছে।
তবে বিরোধীরা এই সিদ্ধান্তকে ভয়াবহ আখ্যা দিয়েছেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “এই উদ্যোগে গ্যাং সহিংসতা এবং প্রতিশোধমূলক অপরাধ বাড়বে। এটি সুশাসনের উদাহরণ নয়, বরং আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত।”
হিমন্ত বিশ্ব শর্মা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রভাবশালী নেতা। আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার পদক্ষেপটিকে বিজেপি সরকারের বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসী সন্দেহে উচ্ছেদ অভিযানও।