ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় দেশটির ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়াল ৫০ শতাংশে।
বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে, ৪ আগস্ট ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন, মস্কো থেকে জ্বালানি সংগ্রহের কারণে নয়াদিল্লিকে শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে তা চড়া দামে বিশ্ববাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেদের বাজার সুরক্ষায় কঠোর অবস্থান নিচ্ছে।
এএফপির খবরে বলা হয়েছে, নতুন শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। একইসঙ্গে, আগেই নির্ধারিত আরেক দফা ২৫ শতাংশ শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। ফলে দুই ধাপে বাড়ানো শুল্কের ফলে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর কর বেড়ে দাঁড়াচ্ছে দ্বিগুণ হারে।
নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, রাশিয়ার তেল আমদানিতে যুক্ত অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে ওষুধ ও কিছু গুরুত্বপূর্ণ খাতের পণ্য এই শুল্কের বাইরে থাকবে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চাইলেও ভারত তার অবস্থানে অনড়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের চাপকে ‘অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করে জানায়, দেশের স্বার্থেই তেল কেনা অব্যাহত রাখা হবে।
এ পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে যাচ্ছেন। আগামী ৩১ আগস্ট তিনি তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে সরকারি সূত্র।