অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত একটি বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা এবং আলোচিত মানবাধিকার কর্মী জুলিয়ান অ্যাসাঞ্জ। রবিবার হাজারো বিক্ষোভকারীর সঙ্গে তিনি সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ অতিক্রম করেন, যার ফলে সাময়িকভাবে ব্রিজটি বন্ধ রাখা হয়।
ব্রিটেনের উচ্চ নিরাপত্তা কারাগার থেকে মুক্তি পেয়ে দীর্ঘদিন পর নিজ দেশে ফেরা অ্যাসাঞ্জকে এসময় পরিবার এবং অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন প্রধানমন্ত্রী বব কারের সঙ্গে মিছিলে অংশ নিতে দেখা যায়। যদিও অ্যাসাঞ্জ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি এবং কোনও জনবক্তৃতাও দেননি।
বিক্ষোভকারীরা তীব্র ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেও ‘গাজায় যুদ্ধবিরতি চাই’, ‘ফিলিস্তিন মুক্ত হোক’—এই ধরনের স্লোগান দেন। অনেকের হাতে ছিল এমন ব্যানার, যাতে গাজায় নিহত শিশুদের নাম তালিকাভুক্ত ছিল।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এই কর্মসূচিকে ঘিরে সিডনির বিভিন্ন এলাকায় অতিরিক্ত শত শত পুলিশ মোতায়েন করা হয়।
মিছিলের অংশ হিসেবে সেন্ট্রাল সিডনির ল্যাং পার্কে আয়োজিত এক সমাবেশে গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকি বলেন, “এই মিছিল ইতিহাস সৃষ্টি করবে।” তিনি গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং বিক্ষোভ ঠেকাতে চাইায় নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সের সমালোচনা করেন।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন লেবার পার্টির সংসদ সদস্য এড হুসিক, যিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রতি আহ্বান জানান—ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য।
সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন ও কানাডা সীমিত শর্তে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে। যদিও অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে গত মঙ্গলবার দেশটি এক যৌথ বিবৃতিতে আরও এক ডজন রাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে ‘ইচ্ছা ও ইতিবাচক বিবেচনার’ কথা জানিয়েছে। এই বিবৃতিকে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৩২ সালে উদ্বোধন হওয়া ঐতিহাসিক হারবার ব্রিজটি এক কিলোমিটার দীর্ঘ এবং এটি সিডনি শহরের অন্যতম প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪