রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৫০০ বছরের নিস্তব্ধতা ভেঙে পুনর্জীবিত হলো ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি। দীর্ঘ সময় পর ঘটে যাওয়া এই অগ্ন্যুৎপাতে আগ্নেয়গিরিটি ছাইয়ের ঘন স্তম্ভ ছুড়েছে প্রায় ছয় কিলোমিটার ওপরে, জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।
ভূমিকম্পপ্রবণ এ অঞ্চলটিতে সম্প্রতি একাধিক শক্তিশালী কম্পনের পর এই অগ্ন্যুৎপাত ঘটলো। ভূতাত্ত্বিকরা মনে করছেন, আগ্নেয়গিরির জাগরণের পেছনে ভূমিকম্পগুলোর ভূমিকা থাকতে পারে।
প্রাথমিক পর্যবেক্ষণে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ—অগ্ন্যুৎপাতের ফলে জনবসতির ওপর সরাসরি কোনও হুমকি তৈরি হয়নি। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওই অঞ্চলে আরও একটি প্রবল ভূমিকম্প অনুভূত হয়। এর জেরে কামচাটকার উপকূলবর্তী তিনটি এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
এ ঘটনার পটভূমিতে রয়েছে গত সপ্তাহে ওই অঞ্চলেই আঘাত হানা ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প, যেটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূকম্পন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কম্পনের প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলিতেও সুনামি সতর্কতা জারি হয়েছিল। বিপর্যয়ের আশঙ্কায় সেসময় মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এছাড়াও রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জেও ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে উপকূলীয় এলাকায় ১৮ সেন্টিমিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ক্রমাগত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের এই ধারাবাহিকতা বিশেষজ্ঞ মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র: বিবিসি নিউজ