মার্কিন যুক্তরাষ্ট্র যদি ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে বলে হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।
শনিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এ ঘোষণা দেন। তিনি বলেন, “ইইউ ১ আগস্টের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যদি একপাক্ষিকভাবে শুল্ক আরোপে অগ্রসর হয়, আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের জন্য নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করেন।
উরসুলা ভন ডের লেইন বলেন, “বিশ্বের খুব কম অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের মতো উন্মুক্ততা এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন বজায় রাখে। প্রয়োজনে আমরা আনুপাতিক প্রতিকারসহ সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”
সূত্র: ডয়েচে ভেলে