গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর শুক্রবার (১১ জুলাই) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, যা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং ২০২৫ সালের ১৮ মার্চ পুনরায় শত্রুতা শুরুর পর আরও খারাপ হয়েছে।”
ফিলিস্তিনি বেসামরিক জনগণের ওপর হামলার কড়া সমালোচনা করে আসিয়ান জানায়, “আমরা বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সমস্ত আক্রমণের নিন্দা জানাই, যার ফলে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে। এছাড়া, মানবিক সাহায্য, ত্রাণ সরবরাহ এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে অব্যাহতভাবে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে গাজায় মানবিক সংকট আরও অবনতি হয়েছে।”
যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান জানিয়ে আসিয়ান সদস্য দেশগুলো “তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি এবং সকল জিম্মি, বিশেষ করে নারী, শিশু, অসুস্থ ও বয়স্কদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির” আহ্বান জানিয়েছে।
এছাড়া তারা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ম্যান্ডেট বাস্তবায়নে সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং গাজায় ত্রাণ প্রবেশে সমুদ্রপথসহ সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে “দ্রুত, নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং টেকসই মানবিক প্রবেশাধিকার” নিশ্চিত করা যায়।