হিমালয়ের একটি উপত্যকায় টানা বৃষ্টিপাতের কারণে চীন ও নেপাল সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১৭ জন নেপালি নাগরিক। চীনের পক্ষ থেকে আরও ১১ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।
প্রবল স্রোতের কারণে ভোটেকোশি নদীর ওপর নির্মিত চীন-নেপাল সংযোগকারী একটি প্রধান সেতু ভেঙে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে এমন বন্যা ও ভূমিধস প্রায়ই ঘটে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব দুর্যোগ আরও ঘন ঘন এবং মারাত্মক হয়ে উঠছে।
জাতিসংঘের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অরগানাইজেশন গত বছর সতর্ক করে জানিয়েছিল, ঘন ঘন বন্যা ও খরার ঘটনা ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত। এ ছাড়া কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমোড) জুন মাসেই সতর্ক করেছিল, এ বছরের বর্ষায় পাহাড়ি অঞ্চলের মানুষ আরও বেশি ঝুঁকিতে থাকতে পারে।
সূত্র: রয়টার্স, সিএনএ, এএফপি