অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষকে অনাহারে রেখে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল-এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থার মতে, ইসরায়েল এখনো গাজায় খাদ্য, পানি ও ওষুধ পৌঁছাতে বাধা দিচ্ছে। এই ঘাটতিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংস্থার সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড বলেছেন, “ইসরায়েল জীবনধারণের মৌলিক চাহিদাগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে। এটি সরাসরি গণহত্যার একটি কৌশল।”
অ্যামনেস্টির প্রতিবেদন বলছে, ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে বহু ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। ইসরায়েলের তত্ত্বাবধানে পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ অনেকের কাছে ফাঁদে পরিণত হয়েছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শিশুদের। অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের হামলা শুরুর পর অন্তত ৬৬ শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। আরও অনেক শিশু এমন রোগে মারা যাচ্ছে, যেগুলো সহজেই চিকিৎসা করা সম্ভব হতো, যদি খাদ্য ও ওষুধ পাওয়া যেত।
প্রতিদিন গাজার বাইরে শত শত ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে থাকলেও ইসরায়েলের অনুমতি ছাড়া সেগুলো ভেতরে ঢুকতে পারছে না। অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে ৪ মাস বয়সী জিনান ইসকাফি নামের এক শিশুর মৃত্যুর বেদনাদায়ক ঘটনা তুলে ধরেছে, যে দুধের অভাবে মারা গেছে। গাজায় চিকিৎসা নিতে আসা শিশুদের প্রায় ১৫ শতাংশই গুরুতর অপুষ্টিতে ভুগছে।
চিকিৎসকরাও নিজেদের বাস্তুহারা এবং দুর্ভিক্ষের শিকার বলে জানিয়েছেন। তাদের ভাষায়, প্রাথমিক চিকিৎসা দিলেও শিশুরা বারবার অসুস্থ হয়ে ফিরে আসছে, কারণ ক্যাম্পগুলোর অবস্থা ভয়াবহ।
অ্যামনেস্টি অভিযোগ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের গণহত্যা থামাতে ব্যর্থ হয়েছে, বরং এই ধ্বংসযজ্ঞ চলতে দিচ্ছে। সংস্থাটি দাবি জানিয়েছে, ইসরায়েলের প্রতি সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে। এবং অপরাধে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।