ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র মারাত্মক ধ্বংস ক্ষমতার ছিল।
হামলার সময় ইসরায়েলের আকাশে ছিল চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা—‘থাড’, ‘আয়রন ডোম’, ‘অ্যারো’ ও ‘ডেভিড’স স্লিং’। এর পরেও মিসাইলটি তেল আবিবে আঘাত হানে এবং গভীর রাতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নিশ্চিত হয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। চলমান সংঘাতে এটি হুতি বিদ্রোহীদের প্রথমবারের মতো এই ধরনের অস্ত্র প্রয়োগ।
সামরিক বিশ্লেষকদের মতে, ক্লাস্টার মিউনিশনযুক্ত মিসাইল প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বিপজ্জনক। মাটির ৭–৮ হাজার মিটার উচ্চতায় পৌঁছে ক্ষেপণাস্ত্রটি বহু ক্ষুদ্র সাবমিউনিশনে বিভক্ত হয়, যা বিস্ফোরিত হয়ে কয়েক কিলোমিটার এলাকায় তাণ্ডব চালাতে পারে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি ভূপাতিত করতে ব্যর্থ হয়।
ইসরায়েলি মিডিয়ার বরাতে জানা গেছে, এই ধরনের অস্ত্র হুতি বিদ্রোহীরা ইরান থেকে পেয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে ইরানও ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল হামলা চালিয়েছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল ও বিবিসি।