৬ আগস্ট, ২০২৫: জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক হামলার ৮০তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শহীদদের স্মরণে হাজারো মানুষ নীরবতা পালন ও প্রার্থনায় অংশ গ্রহণ করেন। একই দিনে হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই বিশ্ব নেতৃবৃন্দকে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও সামরিক শক্তি বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র ‘লিটল বয়’ নামক ইউরেনিয়াম বোমা হিরোশিমায় নিক্ষেপ করে, যা মুহূর্তের মধ্যে প্রায় ৭৮ হাজার প্রাণহানি ঘটায়। সেই বছরের শেষ নাগাদ নিহতের সংখ্যা কয়েক লক্ষে পৌঁছায়। মাত্র তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক হামলা হয়, যার প্রভাবে ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে।
এবারের স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেকর্ডসংখ্যক ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ছিল। সকাল ৮টা ১৫ মিনিটে বিস্ফোরণের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
হিরোশিমার মেয়র মাতসুই বলেন, “বর্তমানে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো বিকল্প নেই—এমন ভাবনা দিন দিন দৃঢ় হচ্ছে। আজকের বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এটি অতীতের করুণ শিক্ষাকে অগ্রাহ্য করার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক কাঠামোকে দুর্বল করছে।”
তিনি আরও যোগ করেন, “বিশ্বনেতাদের উচিত হিরোশিমার বাস্তবতা সরাসরি দেখে বুঝে নেওয়া।”
স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ৭১ বছর বয়সী পর্যটক ইয়োশিকাজু হোরিয়ে বলেন, “ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত পরিস্থিতি অতীব ঝুঁকিপূর্ণ। আমি চাই শান্তি আসুক, যেন আমার নাতি-নাতনিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।”
পারমাণবিক হামলার বেঁচে যাওয়া ব্যক্তিদের ‘হিবাকুশা’ নামে পরিচিত। যুদ্ধের পর এদের অনেকেই বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বৈষম্যের সম্মুখীন হন, কারণ তাদের শরীরে বিকৃতি এবং পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়। চলতি বছরে জীবিত হিবাকুশার সংখ্যা এক লাখের নিচে নেমে এসেছে।
যদিও জাপান পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছে, তারা এখনও জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেনি বা পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়নি।