স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ বাহিনী। প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সান্স জানিয়েছেন, দাবানল এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কয়েকটি এলাকায় আগুনের বিস্তার অব্যাহত থাকলেও দমকল বাহিনী গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে আগুন যাতে মহাসড়ক পার হয়ে জনবহুল উপকূলীয় অঞ্চলে পৌঁছাতে না পারে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
সান্স বলেন, প্রথম দিকে তাদের প্রধান কাজ ছিল আগুনের গতি কমানো এবং বিস্তার রোধ করা। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগুনের মূল উৎসের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।
শুক্রবারের প্রবল বাতাস দাবানলকে আরও ভয়াবহ করে তোলে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছাড়তে বাধ্য হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেদার এলাকার কাছাকাছি বনাঞ্চল থেকে এসব মরদেহ পাওয়া যায়।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আলমেরিয়ার ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউট থেকে নমুনা মাদ্রিদে পাঠানো হয়েছে। সেখানে স্বজনদের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে তা যাচাই করা হবে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতদের অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের মধ্যে যুক্তরাজ্য ও বেলজিয়ামের নাগরিকের সংখ্যা বেশি বলে ধারণা করা হচ্ছে। নিহতদের তালিকায় একজন স্প্যানিশ নাগরিকও রয়েছেন। এ ছাড়া আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাতজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। যদিও এর আগে বিভিন্ন সূত্রে ২৩ জন নিখোঁজ থাকার কথা বলা হয়েছিল। তবে নিহতের সংখ্যা আরও বাড়বে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানানো হয়নি।
দাবানল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫০০-এর বেশি দমকলকর্মী, জরুরি সেবার সদস্য এবং সেনাবাহিনীর সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি জাতীয় অগ্নিনির্বাপণ ব্রিগেডের বিশেষজ্ঞ দলও অভিযানে যুক্ত হয়েছে।
জরুরি সেবা বিভাগের হিসাবে, এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৬০০ হেক্টর জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম দিকের অংশে আগুনের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেদারসহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদেরও সতর্কতামূলকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
আন্দালুসিয়া সরকারের তথ্য অনুযায়ী, দাবানল অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়েছে। মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পরিস্থিতি এত দ্রুত ভয়াবহ আকার নেয় যে অনেকেই বুঝে ওঠার আগেই আগুনের কবলে পড়ে যান। বেদার ও লস গাইয়ার্দোস এলাকার পুরোহিত ভিক্টর ম্যানুয়েল ফের্নান্দেজ জানান, শুরুতে দূরের ধোঁয়া দেখে তিনি বড় ধরনের বিপদের আশঙ্কা করেননি।
তিনি বলেন, পরে অনুষ্ঠান শেষে বাইরে এসে দেখেন চারদিকে ঘন কালো ধোঁয়া। পাহাড়ের দিকে তাকিয়ে দেখতে পান আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সূত্র: রয়টার্স