৪১তম শিক্ষক দিবস উপলক্ষ্যে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং দেশব্যাপী বিশেষ পদের শিক্ষকদের প্রতিনিধিদের কাছে চিঠি লিখে আন্তরিক প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং দেশব্যাপী শিক্ষক ও শিক্ষাবিদদের প্রতি দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সি চিন পিং তার চিঠিতে উল্লেখ করেছেন যে, ‘বিশেষ পদের কর্মসূচি’ বাস্তবায়নের পর থেকে ২০ বছরে, বিশেষ পদের শিক্ষকদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ গ্রামীণ শিক্ষায় সক্রিয়ভাবে নিজেদের নিবেদিত করেছেন, যা শিক্ষকদের আবেগ এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে।
তিনি আশা করেন, শিক্ষকরা অব্যাহতভাবে শিক্ষাদানের মান বৃদ্ধি করবেন, ভালোবাসা দিয়ে শিশুদের সুষ্ঠু বৃদ্ধিতে যত্ন নেবেন, গ্রামের পুনরুজ্জীবন এবং শিক্ষা খাতের শক্তিশালী দেশ গঠনে নতুন অবদান রাখবেন।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এই সম্বন্ধে বলেন, দেশব্যাপী বিশেষ পদের শিক্ষক প্রতিনিধিদের কাছে সি চিন পিংয়ের জবাবি চিঠি শিক্ষক কর্মীদের প্রতি সিপিসি কেন্দ্রীয় কমিটির উদ্বেগ এবং মনোযোগের পূর্ণ প্রতিফলন। শিক্ষক ও শিক্ষাবিদদের উচিত নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র সম্পর্কে সি চিন পিংয়ের চিন্তাধারার নির্দেশনা মেনে চলা এবং শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠনে আরও অবদান রাখা।
গ্রামীণ বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ে শিক্ষকদের জন্য বিশেষ পদ কর্মসূচি হল কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত একটি কর্মসূচি, যা মধ্য ও পশ্চিম চীনের গ্রামীণ বিদ্যালয়ে শিক্ষকতার জন্য বিশ্ববিদ্যালয় স্নাতকদের নিয়োগ করে। ২০০৬ সালে চালু হওয়ার পর থেকে, ‘বিশেষ পদ কর্মসূচি’ ২২টি প্রদেশের ১০০০টিরও বেশি জেলায় ৩০ হাজারেরও বেশি গ্রামীণ বিদ্যালয়ে ১.১৮ মিলিয়ন বিশেষ পদে শিক্ষক নিয়োগ করেছে।
সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।