যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। তিনি উল্লেখ করেন, এটি সহজ বা ন্যায়সংগত নাও হতে পারে, তবে বাস্তবসম্মত ও কৌশলগত সিদ্ধান্ত ছাড়া শান্তি নিশ্চিত করা সম্ভব নয়।
মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কোন ভূখণ্ড কার হাতে থাকবে, তা নির্ধারণ করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে দুই নেতার মধ্যে যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা।
তিনি আরও জানান, “আমরা সমন্বয় ও সহায়তার জন্য থাকব, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তাদের। আমাদের দায়িত্ব হবে সুষ্ঠু চুক্তি বাস্তবায়নে সহায়তা করা।”
অন্যদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টার পর ঘণ্টা বৈঠকের পর তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, বৈঠকের সময়ই তিনি ফোনে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন।