ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার কয়েকদিন পর সোমবার এ হামলার ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি সানাভিত্তিক প্রতিবেদনে জানিয়েছে।
হুথিরা জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী স্কারলেট রে নামের একটি ট্যাঙ্কারকে তারা সরাসরি আঘাত করেছে। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন।
ইউকেএমটিওর তথ্যে বলা হয়েছে, জাহাজের ক্রুরা কাছাকাছি একটি বিকট শব্দ শুনতে পান। তবে সব নাবিক নিরাপদে আছেন এবং জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে। এর আগে, চলতি বছরের জুলাইয়ে হুথিরা দুটি ট্যাঙ্কার ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল।
এদিকে, হুথিরা শনিবার নিশ্চিত করেছে যে, ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাওয়ি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।
এর পাশাপাশি রবিবার রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে এবং নিঃশর্তভাবে তাদের মুক্তির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূত হ্যান্স গ্রুন্ডবার্গ জানিয়েছেন, হুথিদের হাতে বর্তমানে মোট ২৩ জন জাতিসংঘ কর্মী আটক রয়েছেন। এর মধ্যে কয়েকজন ২০২১ এবং ২০২৩ সাল থেকে বন্দি।
হুথিরা দাবি করেছে, গত জুনে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একটি ‘আমেরিকান-ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক’ও রয়েছে, যারা মানবিক সংস্থার আড়ালে কাজ করছিল বলে অভিযোগ। তবে জাতিসংঘ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্র: বাসস।