ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ ও যুদ্ধ অবসানই এ বৈঠকের মূল এজেন্ডা হবে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
শনিবার কিয়েভে এক ঘোষণায় জেলেনস্কি বলেন, “যুদ্ধের সমাপ্তি ও হত্যাকাণ্ড বন্ধে সব ধরনের বিষয় নিয়ে আলোচনার জন্য আমি আগামী সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করব। আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ।”
এর আগে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের কথা জানিয়ে জেলেনস্কি বলেন, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো তাকে অবহিত করেছেন ট্রাম্প।
আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার মাত্র তিন দিন পরেই ট্রাম্প-জেলেনস্কি সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পরদিনই জেলেনস্কি তার ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার জন্য।
সূত্র: এএফপি