ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওয়াশিংটনে সোমবার হওয়া বৈঠক যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটি ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ফরম্যাট নিয়ে আলোচনা চলছে।
এই বৈঠকে ‘সিকিউরিটি গ্যারান্টি’ বা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের সেনাপ্রধানও এতে যোগ দেন। একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুতিন–জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। যদিও পুতিন সেই বৈঠক নাকচ করেননি, তবে কবে বা কোথায় হবে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, ওয়াশিংটনে শান্তি আলোচনার মধ্যেই নতুন হামলা চালায় রাশিয়া। সোমবার রাতে ইউক্রেনের ওপর ২৭০টি ড্রোন ব্যবহার করে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে বলে এক্সে পোস্টে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।
সূত্র: বিবিসি।