রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোতে অবস্থানরত দোভাল সফরের তারিখ নিশ্চিত না করলেও রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ সফর এ বছরের শেষ দিকে হতে পারে।
দোভাল বলেন, “রাশিয়া ও ভারতের দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক রয়েছে, যা আমরা অত্যন্ত মূল্যবান মনে করি। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বড় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট পুতিনের সফরের তারিখ এখন প্রায় চূড়ান্ত।” তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
পুতিনের সম্ভাব্য ভারত সফরের খবর এমন সময়ে এসেছে, যখন নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়ান জ্বালানি কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে সহায়তা করছে। এর জেরে তিনি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুক্রবারের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ না নিলে রাশিয়ান তেলের ক্রেতাদের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের শুল্ক কার্যকর হবে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়ার অন্যতম বড় তেল আমদানিকারক হয়ে উঠেছে। ২০২৩ সালের মে মাসে দেশটি দৈনিক দুই মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল কিনেছিল, যা তাদের মোট আমদানির প্রায় ৪৫ শতাংশ।