থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের হাজারো শরণার্থী এবার বৈধভাবে কাজের সুযোগ পাবেন। বুধবার দেশটির মন্ত্রিসভা এই নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, থাই-মিয়ানমার সীমান্তের নয়টি শিবিরে ১৯৮৪ সাল থেকে বসবাসরত শরণার্থীদের মধ্যে প্রায় ৪২ হাজারের বেশি কর্মক্ষম বয়সী মানুষ রয়েছেন। তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা হবে। এতে মোট প্রায় ৮০ হাজার শরণার্থী উপকৃত হবেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে শরণার্থীরা পরিবারকে সহায়তা করতে পারবেন, স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে। একইসঙ্গে মানবিক সাহায্যের ওপর তাদের নির্ভরতা কমবে। সংস্থাটির মতে, এটি এক ধরনের “কৌশলগত বিনিয়োগ”, যা দীর্ঘমেয়াদে থাইল্যান্ডের জিডিপি বাড়াতে সহায়ক হবে।
সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের কারণে দেশটিতে শ্রমিক সংকট দেখা দেয়। প্রায় ৫ লাখ ২০ হাজার কম্বোডিয়ান শ্রমিক থাইল্যান্ড ছেড়ে চলে যাওয়ায় শ্রমশক্তির প্রায় ১২ শতাংশ হ্রাস পায়। ফলে কৃষি, নির্মাণ ও সেবা খাতে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
থাই সরকারের মুখপাত্র জিরায়ু হংসুব জানিয়েছেন, শরণার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করলে তারা শুধু স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবেন না, বরং চার দশকেরও বেশি সময় ধরে ক্যাম্পে বসবাস করা প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
জাতিসংঘ মনে করছে, মানবিক সহায়তা সংকোচনের সময়ে এ উদ্যোগ বিশ্বব্যাপী বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
সূত্র: আল আরাবিয়া।