কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান রাজ্যের সুলতান তুংকু মুহরিজ ইবনি আলমারহুম তুংকু মুনাওয়িরের হাত থেকে তিনি সনদ গ্রহণ করেন। সামাজিক ব্যবসা প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ উপলক্ষে বক্তব্যে ড. ইউনূস বলেন, তার সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে, যাতে ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করা যায়। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করা ও ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তরুণদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই–আগস্টের অভ্যুত্থান নতুন বাংলাদেশের আশা ও জাতীয় পরিচয়ে নতুন মাত্রা দিয়েছে। তার সরকার একটি ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদ্যোক্তা সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের কাঁধে। তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও দায়িত্ববোধ শুধু নিজেদের নয়, বরং অন্যদের উন্নয়নেও কাজে লাগাতে হবে। তিনি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বৈষম্য কমিয়ে এমন একটি বিশ্ব গড়ে তুলতে হবে, যেখানে কাউকে পেছনে ফেলে রাখা হবে না।
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, মানুষ প্রতিভা বা স্বপ্নের অভাবে নয়, সুযোগের অভাবে দরিদ্র থাকে। তাই ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র মানুষকেও জীবন পরিবর্তনের সুযোগ করে দিতে তিনি উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, দুই দেশের বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও উন্নতির যৌথ স্বপ্নের ওপর দাঁড়িয়ে আছে। তিনি সেমিকন্ডাক্টর শিল্প, হালাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদির ও ইউকেএম ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুফিয়ান জুসোহসহ অতিথিরা উপস্থিত ছিলেন।