যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে তিনি পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা ভেনেজুয়েলা ঘিরে উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
শুক্রবার একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সরকারি একটি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এগুলোর লক্ষ্য হবে ‘মাদক-জঙ্গি’ হিসেবে চিহ্নিত গোষ্ঠী।
এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতাকে সম্মান করুন।” তবে মাদুরো আলোচনার পথও খোলা রাখার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই, যা সামরিক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় সংলাপে আগ্রহী।”
প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি মূলত ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করেছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে অবৈধ বলে গণ্য করেছে।
ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ মাদক ব্যবসা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র একাধিকবার ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবারই সবচেয়ে স্পষ্ট।
সূত্র: আল-জাজিরা।