বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। সর্বশেষ ধাপে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছেছে, যা শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পার্বতীপুর ডিপোতে গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিজেল পাম্পিং শুরু হয়। নিরবচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি সফলভাবে বাংলাদেশে পৌঁছে যায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, পাইপলাইন ব্যবস্থায় জ্বালানি আমদানি একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলছে। বর্তমানে ডিপোতে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিগগিরই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু করার প্রস্তুতি চলছে।
জানা যায়, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল প্রথম ধাপে ৮ হাজার মেট্রিক টন দেশে আসে। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত দুই ধাপে মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।