পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ব্রাজিল, চীন এবং ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় পড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।”
বুধবার ন্যাটো প্রধান এই মন্তব্য করেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাতে সম্মত না হয়, তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়ার রফতানি অংশীদারদের ওপর শতভাগ শুল্ক আরোপ করবে।
এবার ট্রাম্পের সেই হুমকির পুনরাবৃত্তি করে ন্যাটো মহাসচিব বলেন, “এই তিনটি দেশের ওপর আমার বিশেষ নজর আছে। বিশেষ করে আপনি যদি এখন বেইজিংয়ে, দিল্লিতে বা ব্রাজিলের প্রেসিডেন্টের পদে থাকেন, তাহলে বিষয়টি ভালোভাবে ভেবে দেখুন। কারণ এটি আপনাদের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।”
মার্ক রুটে আরও বলেন, “তাই দয়া করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং তাকে বলুন, শান্তি আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে হবে। না হলে এর গুরুতর প্রভাব ব্রাজিল, ভারত এবং চীনের ওপর পড়বে।”
এদিকে রিপাবলিকান মার্কিন সিনেটর থম টিলিস রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করেছেন, তবে রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “পুতিন এই ৫০ দিনের সময়সীমাকে যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য, অথবা আরও ভয়াবহ হামলা এবং ইউক্রেনের নতুন ভূখণ্ড দখলের মাধ্যমে ভবিষ্যৎ শান্তি চুক্তিতে নিজের অবস্থান শক্ত করতে ব্যবহার করতে পারেন।”
থম টিলিস আরও বলেন, “সুতরাং আমাদের ইউক্রেনের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং রাশিয়াকে স্পষ্ট করে জানাতে হবে যে, আগামী ৫০ দিনে মস্কো ইউক্রেনে যা কিছু অর্জন করুক না কেন, তা আলোচনার টেবিলে স্থান পাবে না।”
বুধবার মার্কিন কংগ্রেসে সিনেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটো মহাসচিব বলেন, “শান্তি আলোচনায় ইউক্রেনকে ভালো অবস্থানে রাখার জন্য ইউরোপ একসঙ্গে কাজ করছে।”
তিনি জানান, “ট্রাম্পের সঙ্গে হওয়া চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনকে ‘ব্যাপকভাবে’ অস্ত্র সরবরাহ করছে। শুধু বিমান প্রতিরক্ষা নয়, ক্ষেপণাস্ত্রসহ ইউরোপের গোলাবারুদও এতে অন্তর্ভুক্ত।”
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কোনো আলোচনা চলছে কি না জানতে চাইলে মার্ক রুটে বলেন, “এটি প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা এখনও প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করিনি। বিষয়টি এখন পেন্টাগন, ইউরোপের শীর্ষ মিত্রবাহিনীর কমান্ড এবং ইউক্রেনীয়দের অংশগ্রহণে বাস্তবায়িত হচ্ছে।”
সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে।