ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল রাধাকৃষ্ণন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ সরকারের শীর্ষ নেতারা। এ সময় সস্ত্রীক উপস্থিত ছিলেন সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। গত ২১ জুলাই পদত্যাগের পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাকে।
ধনখড় পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হয়। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থিত প্রার্থী এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট।
আগামী পাঁচ বছর রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী তিনি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। ধনখড়ের সময় পক্ষপাতের অভিযোগে সমালোচনার মুখে পড়েছিল রাজ্যসভার কার্যক্রম। তাই বিরোধী দলগুলো আশা করছে, নতুন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন আরও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।