ভারতীয় রপ্তানিপণ্যের ওপর আজ ২৭ আগস্ট থেকে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক। ব্রাজিলের পর এখন বিশ্বের মধ্যে ভারতের ওপরই সবচেয়ে বেশি শুল্ক আরোপ করল ওয়াশিংটন।
ভারত প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য পাঠায়। এর মধ্যে দুই-তৃতীয়াংশ এখন শুল্কের আওতায় পড়বে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন।
বিশ্ব বাণিজ্য গবেষণা সূচক (জিটিআরআই) জানিয়েছে, এর ফলে ভারতের টেক্সটাইল, রত্ন-অলংকার, চামড়া, খাদ্য, চিংড়ি, কার্পেট, হস্তশিল্প, কৃষিপণ্য ও গাড়ি শিল্প সবচেয়ে বড় আঘাত পাবে। সংস্থাটির প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের আশঙ্কা, এসব খাতে ৭০ শতাংশ পর্যন্ত ধস নামতে পারে এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি গড়ে ৪৩ শতাংশ কমে যেতে পারে।
তবে এখনও কিছু পণ্য মার্কিন বাজারে শুল্কমুক্ত থাকবে, যা ভারতের মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশ বা ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি ছাড় পেয়েছে ওষুধ ও ফার্মাসিউটিক্যালস— যা শুল্কমুক্ত তালিকার অর্ধেকেরও বেশি। এছাড়া কিছু ইলেকট্রনিক্স পণ্য যেমন স্মার্টফোন, চিপস, ডায়োড ওয়েফার, স্টোরেজ ডিভাইস ইত্যাদিও শুল্ক ছাড়ের আওতায় রয়েছে।
মার্কিন এ পদক্ষেপে ভারতে বহু প্রতিষ্ঠান, বিশেষ করে পোশাক ও টেক্সটাইল খাতে, বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে চাকরি হারাতে পারেন হাজার হাজার শ্রমিক।
সূত্র: এনডিটিভি।