বৈশ্বিক শান্তি সূচকে (গ্লোবাল পিস ইনডেক্স – জিপিআই) এবার ৩৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১২৩তম, যেখানে গত বছর ছিল ৯৩তম।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এ সূচক প্রকাশ করেছে। চলতি বছরের জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্কোর ২.৩১৮। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্কোর ২.৪৪৩, তাদের অবস্থান ১২৮তম, অর্থাৎ শান্তির দিক থেকে এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে জানানো হয়, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বৈশ্বিক শান্তির গড় স্তর ০.৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। আইইপি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শান্তির এমন অবনতি আর দেখা যায়নি। ২০০৮ সাল থেকে বৈশ্বিক শান্তির ধারাবাহিক পতন ঘটছে। গত ১৭ বছরে গড় দেশভিত্তিক শান্তি সূচক ৫.৪ শতাংশ কমেছে। তবে চলতি বছর ৭৪টি দেশের শান্তির সূচক কিছুটা উন্নত হয়েছে।
২০০৮ সাল থেকে টানা বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মর্যাদা ধরে রেখেছে আইসল্যান্ড, যার স্কোর ১.০৯৫। শীর্ষ দশে আরও রয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পর্তুগাল, ডেনমার্ক, স্লোভেনিয়া ও ফিনল্যান্ড।
অন্যদিকে, সবচেয়ে কম শান্তিপূর্ণ পাঁচ দেশ হলো—সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, দক্ষিণ সুদান, ইয়েমেন ও আফগানিস্তান। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল টানা দশম বছরের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে।