চীনের “থিয়ানথান অ্যাওয়ার্ড” বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে বিনিময় ও সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে অংশগ্রহণকারী চলচ্চিত্র ব্যক্তিত্বরা। খ্যাতনামা ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, যিনি এবারের থিয়ানথান অ্যাওয়ার্ডের জুরি সভাপতি, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, “আমার কাছে থিয়ানথান সবসময়ই বন্ধুত্বের প্রতীক—যে ধরনের কিংবদন্তি কেবল সিনেমাই সৃষ্টি করতে পারে।” “থিয়ানথান” নামটি এসেছে স্বর্গের মন্দির থেকে, যা বেইজিংয়ের একটি ঐতিহাসিক স্থাপনা।
এ বছর বিশ্বের ১৩৯টি দেশ ও অঞ্চলের মোট এক হাজার ৮২৬টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে, যার মধ্যে ১৬টি চলচ্চিত্র থিয়ানথান অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে। চীনের বেইজিং মিউনিসিপ্যাল কমিটির প্রচার বিভাগের পরিচালক সুন চুনমিন বলেন, গত ১৬ বছরে এই উৎসব চীনা সিনেমাকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র বিনিময় ও পারস্পরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তিনি আরও জানান, ভবিষ্যতে বেইজিং চলচ্চিত্র নির্মাণের পরিবেশ উন্নতকরণ, সৃজনশীল প্রক্রিয়া শক্তিশালী করে তোলা এবং নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে কাজ করবে।
উৎসব চলাকালীন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী, ফোরামসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে যাত্রা শুরু করা এই উৎসবটি চীনের দ্রুত বিকাশমান চলচ্চিত্র বাজারের কারণে বিশ্বব্যাপী ক্রমশ বেশি গুরুত্ববহ হয়ে উঠছে। তথ্য ও ছবি :সিনহুয়া।