বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, “এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করছে।”
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
আন্তর্জাতিক এই শোকবার্তাগুলোতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর অবস্থানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর এই প্রতিক্রিয়া তাঁর রাজনৈতিক গুরুত্ব ও বৈশ্বিক পরিচয়ের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।