বিবিসিতে গাজা, ডোনাল্ড ট্রাম্প এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ সংবেদনশীল ইস্যুতে ‘গুরুতর ও পদ্ধতিগত পক্ষপাতিত্বের’ অভিযোগ ওঠার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।
অভিযোগ তোলেন বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট। তিনি দাবি করেন, বিবিসি সংবাদে সম্পাদনাগত নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করেছে।
এদিকে, ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ফাঁস করা একটি নথিতে দেখা যায়, বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, যেন মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে সহিংসতার জন্য সমর্থকদের উৎসাহ দিচ্ছেন।
ঘটনার পর ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে আক্রমণ করে বলেন, এটি ‘শতভাগ ভুয়া খবর’ এবং অপপ্রচারযন্ত্র’।
চাপের মুখে রবিবার টিম ডেভি পদত্যাগের বিবৃতিতে বলেন, “কিছু ভুল হয়েছে, এবং মহাপরিচালক হিসেবে তার দায়ভার আমার।” ডেবোরাহ টারনেসও বলেন, “চূড়ান্তভাবে এই দায় আমার।”
পদত্যাগের খবর প্রকাশের পরও ক্যারোলিন লেভিট সোশ্যাল মিডিয়ায় আরও সমালোচনা চালিয়ে যান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদত্যাগ ব্রিটিশ গণমাধ্যমে স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রশ্নে বড় আলোচনার জন্ম দিয়েছে।