বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তিনি বলেন, আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এমন একটি নির্বাচন, যেখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি এশিয়া ও বৈশ্বিক গণতন্ত্রের ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ।”
রাষ্ট্রদূত লোটজ আরও বলেন, “এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুত্থানের সুযোগ এনে দিতে পারে। এটি কেবল একটি জাতীয় রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি প্রশংসা করে বলেন, “বিশাল এই চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন অসাধারণ প্রস্তুতি নিচ্ছে। আমি তাদের জন্য শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণকেও তাদের গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের জন্য অভিনন্দন জানাই।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি— এমন একটি নির্বাচন যেখানে একাধিক রাজনৈতিক দল স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
সূত্র: জার্মান দূতাবাস, ঢাকা।