ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সাগরে সোমবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেলে অনুভূত হয় এবং এর উৎপত্তি গভীর সমুদ্রের নিচে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জেনেরোসো এলাকার উপকূল থেকে প্রায় ১১৩ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ৯৪ কিলোমিটার।
একই ঘটনায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের গভীরতা ১১২ কিলোমিটার বলে উল্লেখ করেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে নতুন করে আফটারশক দেখা দিতে পারে—এমন আশঙ্কায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে একই অঞ্চলে সংঘটিত এক ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে। ফলে সাম্প্রতিক এই কম্পনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এএফপি