আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে।
সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে অনুষ্ঠিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, কমিশনের প্রস্তুতি, বিদেশে অবস্থানরত ভোটারদের নিবন্ধন পদ্ধতি এবং প্রবাসীরা কীভাবে ভোট দেবেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
প্রবাসীরা সিইসির কানাডা সফর ও সরাসরি মতবিনিময়ের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নির্বাচন কমিশনারের সঙ্গে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশ নেন।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
সূত্র: বাসস।