বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৫ জুলাই) পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করেন ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
পুশইনকৃতদের সীমান্তে আটক করে বৈরচুনা বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও তার মেয়ে কোহিনুর বেগম (৩০) এবং একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩২), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০), মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয় ৪ জুলাই। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।