ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দেশটির বিমান বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।
বিমান বাহিনীর মুখপাত্র এহিমেন এজোদামে জানান, বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সেনাদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এ অভিযান পরিচালিত হয়।
উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সম্প্রতি জঙ্গি হামলা বাড়তে থাকায় এই আক্রমণকে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বর্ণনা করেছে সরকার। বোকো হারাম ও আইএসডব্লিউএপি (আইএসআইএস ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) গোষ্ঠীগুলো এ অঞ্চলে নিয়মিত হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা সেনা ঘাঁটি দখল, সৈন্য হত্যা এবং অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে।
সূত্র : আল-জাজিরা