নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণখনি ধসে পড়ে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার মারু জেলার কাদাউরি এলাকায় খনিটিতে ধস নামার সময় ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ধস নামায় অনেকেই মাটির নিচে চাপা পড়ে যান।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষজন এগিয়ে আসে। উদ্ধারকারী সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর ভাষায়, “এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।”
খনি থেকে প্রাণে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি বলেন, “আমরা যারা ফিরে এসেছি, তারা ভাগ্যবান। কিন্তু এখনও শতাধিক শ্রমিক ভেতরে আটকে রয়েছে।” এদিকে, জামফারার খনি শ্রমিক সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা অভিযোগ করেছেন, খনিটিতে শ্রমিকদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
এ ঘটনায় জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।