পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, হামলাকারী এবং সাধারণ নাগরিক রয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে ওই এলাকায় গোলাগুলির শব্দ অব্যাহত ছিল।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।
পরে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) হামলার দায় স্বীকার করে।
সরকার জানিয়েছে, কয়েক ঘণ্টার অভিযানের পর নিরাপত্তা বাহিনী বিমানবন্দর এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে গত পাঁচ মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। চলতি বছরের জানুয়ারিতে ইসলামিক স্টেট (আইএস)-ঘনিষ্ঠ একটি গোষ্ঠী একই স্থাপনায় হামলা চালিয়ে দায় স্বীকার করেছিল।
প্রায় এক দশক ধরে নাইজার বিভিন্ন উগ্রপন্থি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। সাহেল অঞ্চলে নিরাপত্তা সংকটের কারণে দেশটি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীলতার মুখোমুখি।
সূত্র: বিবিসি।