নরওয়ের বার্গেন শহরে অবস্থিত মংস্টাড তেল শোধনাগার অবরোধ করেছেন প্রায় ২০০ পরিবেশ ও অধিকার কর্মী, যাদের মধ্যে ছিলেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। তারা নরওয়ের তেল শিল্প বন্ধের দাবি জানিয়েছেন।
এক্সটিনশন রেবেলিয়ন গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, তেল শিল্পের কোনো ভবিষ্যৎ নেই এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে পরিবেশে কার্বন নির্গমন বেড়েছে। থুনবার্গ বলেন, “নরওয়ের তেল উৎপাদনের সঙ্গে রক্ত লেগে আছে, তাই আমরা এই অবস্থানে এসেছি।”
অধিকার কর্মীরা জানিয়েছেন, তারা আগামী সপ্তাহজুড়ে নরওয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ চালানোর পরিকল্পনা করেছেন। মংস্টাড শোধনাগারটি নরওয়ের ইকুইনর কোম্পানি পরিচালনা করে। নরওয়ে ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদক দেশ হওয়ায় এটি নিয়মিত সমালোচনার মুখে পড়ে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তেল শিল্প দেশের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং ইউরোপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে। ইকুইনর জানিয়েছে, তারা ২০৩৫ সাল পর্যন্ত প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল এবং ৪০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদনের পরিকল্পনা করছে।
সূত্র: আরব নিউজ, লা মনডে, ব্লু নিউজ।