যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
চুক্তিটি দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, প্রতিরোধ ক্ষমতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দুই পক্ষই মনে করছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে।
পিট হেগসেথ বলেন, “এই প্রতিরক্ষা কাঠামো আমাদের অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক কখনো এতটা দৃঢ় ছিল না।” তিনি আরও উল্লেখ করেন, “এই পদক্ষেপ প্রমাণ করে যে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন কৌশলগত সহযোগিতায় কোনো প্রভাব ফেলেনি।”
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এই প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি নিশ্চিত, আপনার (হেগসেথের) নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীনকে কেন্দ্র করে বাড়তে থাকা কৌশলগত উত্তেজনা এ চুক্তিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এটি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং দুই দেশের ভূরাজনৈতিক অবস্থানকেও আরও ঘনিষ্ঠ করছে।
এদিকে, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইকোনমিক টাইমস, রয়টার্স।