দক্ষিণ ফ্রান্সের অড অঞ্চলে ভয়াবহ দাবানলে এক নারী নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার লা রিবোত গ্রামের কাছে দাবানল শুরু হলে তা দ্রুতই আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
আগুনে এখন পর্যন্ত ১৩ হাজার হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে, যা প্যারিস শহরের চেয়েও বড় এলাকাজুড়ে বিস্তৃত। অন্তত ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় আড়াই হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ১ হাজার ৮০০ জনের বেশি দমকলকর্মী ও ৫০০টি দমকলযান। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক গাছপালা ও জোরালো বাতাস আগুন নেভাতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে লাগ্রাস, ফাব্রেজান, টুরনিসান, কুস্তুজ ও সাঁ লোরঁ দ্য লা কাবরিস। জোঁকিয়ের গ্রামের মেয়র জাক পিরো জানিয়েছেন, “প্রায় ৮০ শতাংশ এলাকা আগুনে পুড়ে গেছে। চারপাশে শুধু ছাই আর পোড়া গাছপালা।”
এ পর্যন্ত সাতজন দমকলকর্মী ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফ্রান্সের ফায়ার সার্ভিস মুখপাত্র এরিক ব্রোকারদি এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দমকল বাহিনী ও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কম বৃষ্টিপাত, খরা এবং পুরনো দ্রাক্ষালতা ক্ষেত সরিয়ে ফেলার ফলে এ অঞ্চলে দাবানলের ঝুঁকি বেড়েছে।
সূত্র: বিবিসি